একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ফরিদপুরের নগরকান্দার রাজাকার বাহিনীর প্রধান জাহিদ হোসেন খোকনের মামলার রায় আগামীকাল (বৃহস্পতিবার)।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।
এর আগে ১৭ এপ্রিল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ খোকনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষে, মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন। গত বছর ৯ অক্টোবর তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও ধর্ষণসহ ১১টি অপরাধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
এদিকে, জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে আনা সকল অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় খোকন রাজাকারের সর্বোচ্চ শাস্তির আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।
তবে খোকনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে দাবি করে খালাস আশা করছেন আসামীপক্ষের আইনজীবী আব্দুস শুকুর খান।
উল্লেখ্য, ফরিদপুরের নগরকান্দার রাজাকার প্রধান জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকার। ২০১১ সালে নগরকান্দা মেয়র নির্বাচিত হলেও শপথ নেয়ার পর থেকেই পলাতক রয়েছেন খোকন রাজাকার।
মুক্তিযুদ্ধের সময় ১১টি মানবতাবিরোধী অপরাধের জন্য ২০১২ সালের ৯ অক্টোবর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে ১৬ জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, ৩ জনকে পুড়িয়ে হত্যা, ২ জনকে ধর্ষণসহ লুটপাট ও অগ্নিসংযোগ।
খোকন রাজাকার পলাতক থাকায় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তার পক্ষে শুনানি করেন।