নারায়ণগঞ্জের রূপগঞ্জে মনির হোসেন হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার নারায়ণগঞ্জের ২ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজি সহিদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন।
তারা হলেন: সোলেমান, রিপন, জাহঙ্গীর, আক্কাস, অহিদ ওরফে রনি ও আক্তার হোসেন। রায়ের সময় তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রিকসা করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মনির হোসেন। পথে হুরগাঁও ভোলাইখালীতে একদল ডাকাতের কবলে পড়েন তিনি। ডাকাতরা তাকে রিকসা থেকে নামিয়ে মারধর করে সঙ্গে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় মনির কয়েকজনকে চিনে ফেলায় ডাকাতরা তার হাত-পা ও চোখ বেঁধে পানিতে ফেলে হত্যা করে। পরে স্থানীয়রা মনিরের মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় মনিরের স্ত্রী হাসিনা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ৬ আসমিকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান। আসামিপক্ষে ছিলেন সালাউদ্দিন সবুজ ও দেলোয়ার হোসেন।
১১ জনের সাক্ষ্যগ্রহণের পর বিচারক ৬ আসামিকে দোষী সাব্যস্ত করেন।
এদিকে, রায়ের বিরুদ্ধে ঊচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।