জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এ মুলতবি করেন।
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবদিন দ্বিতীয় দিনের মতো শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মাহবুবে আলম আর দুদকের পক্ষে খুরশিদ আলম খান আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানি গ্রহণ করেছে। ওই অভিযোগ আমলে নেয়ার বিরুদ্ধে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে ২০১২ সালে রায় দেয় হাইকোর্ট।
শুনানিতে অংশ নিয়ে খালেদা জিয়ার কৌঁসুলি জয়নুল আবেদিন এ রায় উপস্থাপন করেন। ওইদিন দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত শুনানি গ্রহণ চলে। এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই লিভ টু আপিলটিসহ খালেদা জিয়ার করা তিনটি লিভ টু আপিল শুনানির জন্য তালিকায় ছিল।
উল্লেখ্য, রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত ৩-এ খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুই মামলা বিচার চলছে। বিচারক বাসুদেব রায় গত ১৯ মার্চ দুর্নীতির এ দুই মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এর বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া আবেদন করলে হাইকোর্টে তা খারিজ হয়ে যায়। পরে এ আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন।