নারায়ণগঞ্জের সাত খুন মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির অগ্রগতি প্রতিবেদনের ওপর ১০ ডিসেম্বর আদেশ দেবে হাইকোর্ট।
গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যাব পরিচয়ে অপহরণ করা হয়। একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
পরে বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে নজরুল ইসলামসহ ৬ জনের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় আরো একটি মরদেহ পাওয়া যায়।
এরপর আদালতের নির্দেশে গত ৭ মে অভিযোগ তদন্তে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ কমিটিকে আদেশ জারির ৭ দিনের মধ্যে উল্লিখিত তদন্ত কাজের অগ্রগতি সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্ট বিভাগে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।