মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও কুষ্টিয়ার জাসদ নেতা কাজী আরেফসহ ৫ জনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তাদের মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা রইলো না।
বুধবার প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।
গত ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসবিরোধী জনসভায় চরমপন্থীদের ব্রাশ ফায়ারে কাজী আরেফ আহমেদসহ ৫ জন নিহত হন। ওই হত্যার ঘটনায় ২০০৪ সালের ৩০ আগস্ট আনোয়ার হোসেন, ইলিয়াস ও রাশেদুল ইসলাম ঝন্টুসহ ১০ জনের ফাঁসি ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় কুষ্টিয়া জেলা জজ কোর্ট।
পরে ২০০৮ সালের ৩১ আগস্ট আসামিরা আপিল করলে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত একজন ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১০ আসামির সাজা মওকুফ করে ঊচ্চ আদালত। পরে সরকারপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৭ আগস্ট হাইকোর্টের দেয়া রায় বহাল রাখে।
আপিল বিভাগের রায়ের পর দুই আসামি রাশেদুল ও আনোয়ার ২০১২ সালে রায় পুনর্বিবেচনার আবেদন করেন। তবে ইলিয়াস রায় পুনর্বিবেচনার আবেদন করেননি। এ পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে আজ আদালত খারিজ করে দেয়।