জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপিল করার অনুমতি চেয়ে (লিভ টু আপিল) করা আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি অব্যাহত রয়েছে। শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি করেছে আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
খালেদা জিয়ার পক্ষে তৃতীয় দিনের মতো শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এছাড়াও সিনিয়র আইনজীবী এজে মোহাম্মাদ আলীও খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন।
এদিকে, রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে এডভোকেট খুরশিদ আলম খান এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট জয়নুল আবেদিন শুনানিতে বলেন, জিয়া অরফানেজে যে টাকা পয়সার লেনদেনের কথা মামলায় বলা হয়েছে সেখানে খালেদা জিয়ার কোনো স্বাক্ষর নেই।এই মামলার এফআইআর প্রমাণ করে না যে খালেদা জিয়া এর সঙ্গে সম্পৃক্ত।
ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় গত ১৯ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া গত ১৩ এপ্রিল হাইকোর্টে রিভিশন আবেদন করেন। হাইকোর্ট ২৩ এপ্রিল আবেদনটি খারিজ করে দেন। এ খারিজ আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন।
এ মামলায় বিচারিক কার্যক্রম ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের পরিবর্তে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৪ নভেম্বর মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য রয়েছে।