জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠন এবং অভিযোগ আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা পৃথক দু'টি লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
এ আদেশকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। তবে দুর্নীতির অভিযোগের কারণেই খালেদা জিয়ার আবেদন খারিজ হয়েছে বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল।
আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা লিভ টু আপিলের ওপর আদেশ মঙ্গলবার ধার্য করেছে আপিল বিভাগ।
খালেদা জিয়ার আইনজীবীরা আপিল বিভাগের এ আদেশকে রাজনৈতিকভাবে হয়রানিমূলক অভিহিত করেন।
আর পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এ এ দুই মামলার শুনানি ১ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক।
এদিকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে সংস্থাটি।