মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন খারিজাদেশের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছে আপিল বিভাগ। মঙ্গলবার সকালে এ রায় প্রকাশ করা হয়।
রায়ে বলা হয়েছে, সংবিধান ও আইন অনুযায়ি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের রিভিউ আবেদন করার সুযোগ নেই। তবে আপিল বিভাগের বিচারপতিরা অন্তর্নিহিত ক্ষমতাবলে তাদের এ সুযোগ দিয়েছে।
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিরা রিভিউ আবেদন করার সুযোগ পাবেন— উল্লেখ করে রায় আরো বলা হয়েছে, এক্ষেত্রে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে তাদেরকে রিভিউ আবেদন করতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে ওই আবেদনটি নিষ্পত্তি করা হবে।
গত বছরের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতামতের ভিত্তিতে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেন। প্রায় আড়াই মাসেরও বেশি সময় পর ৫ ডিসেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ের কপি প্রকাশের পর ৮ ডিসেম্বর সেটি ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর ট্রাইব্যুনাল ওইদিনই কাদের মোল্লার মৃত্যুপরোয়ানা জারি করে আদেশটি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠায়। রায়ের কপি হাতে পেয়েই তার ফাঁসি কার্যকর করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়।
সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, মানবতাবিরোধী অপরাধীদের জন্য জেল কোডে প্রদত্ত সুবিধা প্রযোজ্য হবে না। কিন্তু রায়ের বিরুদ্ধে রিভিউ করতে আসামিপক্ষের উদ্যোগের প্রেক্ষাপটে ১০ ডিসেম্বর রাতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ফাঁসির আদেশ স্থগিত করেছিলেন।
পরদিন কাদের মোল্লার পক্ষে রিভিউ সংক্রান্ত দুটি আবেদন করা হয়েছিল আপিল বিভাগে। এর একটি ছিল রিভিউ গ্রহণযোগ্য হবে কি হবে না এবং অন্যটি ছিল তার মূল রিভিউ আবেদন। এই দুই আবেদনের ওপর শুনানি করে ১২ ডিসেম্বর প্রধান বিচারপতি কেবল ঘোষণা দেন যে, বোথ দ্য ক্রিমিনাল রিভিউ পিটিশনস আর ডিসমিসড। রিভিউ আবেদন খারিজের দিন রাতেই কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।