জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দিয়েছে।
আপিল বিভাগের আদেশের পর দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ হয়ে যাওয়ায় বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা রইল না।
গত ১৯ মার্চ খালেদা জিয়াসহ নয় জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করে ঢাকার একটি বিশেষ জজ আদালত।
এরপর গত ১২ মে দুর্নীতির দুই মামলার কার্যক্রম স্থগিত এবং ওই মামলায় বিচারক নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে পৃথক রিট দায়ের করেন। ১৯ জুন দুটি রিটই শুনানি শেষে খারিজ করে চূড়ান্ত রায় দেয় হাইকোর্ট।
এরপর হাইকোর্টের রায় ও মামলা দুটির কার্যক্রম স্থগিত চেয়ে আপিল বিভাগে পৃথক তিনটি আবেদন করেন খালেদা জিয়া।
এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেয়ারপারসন খালেদা জিয়ার করা দুটি লিভ টু আপিল গত সোমবার খারিজ করে আদেশ দেয় আপিল বিভাগ। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা অপর লিভ টু আপিলটি আজ রোববার খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
গত ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক রমনা থানায় আরও একটি মামলা করে।