একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন। রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দাখিল করেন তার আইনজীবী।
পরে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ১৮১টি যুক্তিতে আপিলটি দাখিল করা হয়েছে। ১৫০ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে ১ হাজার ৭৫৫ পৃষ্ঠার তথ্যাদি দাখিল করা হয়েছে।
গত ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মীর কাসেম কাশেম আলীর বিরুদ্ধে মামলায় হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।
২০১২ সালের ১৭ জুন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে মীর কাশেম আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। একই দিন দৈনিক নয়া দিগন্ত কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ১৬ মে তার বিরুদ্ধে ১৪টি অভিযোগের আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এর মধ্যে ১১ ও ১২ নম্বর ছাড়া অন্যসব অভিযোগে আটক করে নির্যাতনের বর্ণনা রয়েছে। একই বছরের ৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
পরবর্তীতে গত বছরের ১ অক্টোবর মীর কাশেম আলীর মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।