মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আটক সাখাওয়াত হোসেন ও শামসুদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হলে শুনানি শেষে আদালত এ নির্দেশ দেয়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আসামিপক্ষের কোনো আইনজীবী না থাকায় তাদের পক্ষে জামিন আবেদন করা হয়নি। ট্রাইব্যুনাল সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে করা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর উত্তরখানের মাস্টারপাড়া থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় পরোয়ানাভুক্ত আসামি যশোরের সাবেক সাংসদ সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়।
গত ২০০৯ সালে যশোরে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারটি মামলা হয়। ওই বছর জুনে গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পান তিনি।
এর আগে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পরোয়ানা জারি হওয়া শামসুদ্দিন আহমেদকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহের নান্দাইল থানার চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে আটক করে পুলিশ।