ঘুষ-লেনদেনের অভিযোগে করা একটি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) মিয়া নুর উদ্দিন অপুর দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।
বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলা থেকে বাঁচতে এ ঘুষ লেনদেনের সূত্রপাত হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান। অপুর পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান ও মো. সগীর হোসেন লিওন।
পরে অ্যাডভোকেট খুরশীদ আলম খান জানান, মামলা বাতিলে অপুর করা আবেদনটি হাইকোর্ট খারিজ করেছে। ফলে নিম্ন আদালতে তার বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম চলবে।
উল্লেখ্: সাব্বির হত্যা মামলা থেকে গ্রুপের চেয়াম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়াত সোবহান সানবীরসহ আসামিদের বিদেশে পালিয়ে যেতে ২১ কোটি টাকা ঘুষ-লেনদেনের অভিযোগে দুদক এ মামলা করে। ২০০৭ সালের ৪ অক্টোবর রমনা থানায় মামলাটি করা হয়।
ওই মামলায় ২০০৮ সালের ১৪ জুলাই অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ওই মামলা বাতিল চেয়ে আবেদন করা হলে সোমবার হাইকোর্ট তা খারিজ করেন।
২০০৭ সালে অপু মালয়েশিয়া চলে যান। চলতি বছরের ১৭ জুন তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় ফেরেন। পরদিন ১৮ জুন একটি চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর হাকিম আদালত জামিন নাকচ করে তাকে জেলহাজতে পাঠান। পরে ২৩ জুন অপুকে ঘুষ গ্রহণের মামলায়ও গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।