আদালত অবমাননার দায়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত চলাকালীন সময় পর্যন্ত বার্গম্যানকে এজলাসে দাঁড়িয়ে থাকার আদেশ দেয় ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নের্তৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, স্বাধীন মত প্রকাশের নামে সীমালঙ্ঘন করেছে বার্গম্যান। ট্রাইব্যুনাল এ ধরনের সমালোচনা সহ্য করবে না— উল্লেখ করে এতে আরো বলা হয়েছে, উদ্দেশ্যমূলকভাবে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বার্গম্যান।
পর্যবেক্ষণে বলা হয়, যারা মানবতাবিরোধীদের বিচার চান না তাদের মুখপাত্র হয়ে কাজ করছে বার্গম্যান।
২০১১ ও ২০১৩ সালে মানবতাবিরোধী মামলার রায়ের পর ব্যক্তিগত ব্লগে বিতর্কিত মন্তব্য করায় ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।