মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একাত্তরে পিরোজপুরের মঠবাড়িয়ার শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল জব্বারের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে।
বুধবার মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আব্দুল জব্বারের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্মান্তরিতকরণ ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে।
গত ১৪ আগস্ট ৫টি অভিযোগের ভিত্তিতে চার্জ গঠন করে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। গত ৭ সেপ্টেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ২৪ জন সাক্ষির মধ্যে ২২ জন আব্দুল জব্বারের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন।
জব্বারের বিরুদ্ধে অভিযোগগুলো হলো পিরোজপুরের মঠবাড়িয়ার নলীগ্রাম, ফুলছড়ি, নদী ও আঙ্গুলকাটা এলাকায় ৩৬ জনকে হত্যা, প্রায় ২শ জনকে ধর্মান্তরিতকরণ এবং ৫৫৭টি বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করা।
প্রসিকিউশনের তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী আব্দুল জব্বার এখন যুক্তরাষ্ট্র প্রবাসী।