নারায়ণগঞ্জে ৭ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার র্যাব-১১ এর সাবেক সদস্য এএসআই বজলুর রহমান আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এইচএম শফিকুল ইসলামের আদালতে ৭ খুনের ঘটনায় দায়েরকৃত পৃথক ২টি মামলাতেই তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে মঙ্গলবার রাতে মাগুরা থেকে গ্রেপ্তার হওয়া চাকরিচ্যুত র্যা ব সদস্য নুরুজ্জামান বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দি দেন। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তার ১৮ র্যাব সদস্যের মধ্যে ১৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
নারায়ণগঞ্জে ৭ জনকে অপহরণ ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সোমবার রাতে র্যাব-১১ এএসআই বজলুর রহমান, আবুল কালাম আজাদ এবং হাবিলদার নাছিরউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ৩ জনকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ জন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের ও পরদিন ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।