মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান রানাসহ ৪ জনকে হয়রানি না করতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে আসামিদের গ্রেপ্তারে কোনো বাধা রইলো না বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাংসদ রানাকে আসামি করে অভিযোগপত্র দেয়া হতে পারে, গণমাধ্যমে এ সংবাদ প্রকাশের পর হাইকোর্টে রিট আবেদন করেন রানা।
রিটের ওপর শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ দেন। পরে এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত বছরের ১৮ জানুয়ারি কলেজপাড়া এলাকা থেকে টাঙ্গাইল জেলা আওয়ামা লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।