ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে দায়ী করে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বুধবার এলিট বাহিনীর পক্ষ থেকে হাইকোর্টে এ প্রতিবেদন দেয়া হয়।
এদিকে, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান হিসেবে মো. শাহজাহান আলীই দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।
এর আগে গতকাল মঙ্গলবার কমিটির প্রধান হিসেবে মো. শাহজাহান আলীর পরিবর্তে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল হাকিমকে দায়িত্ব দেয়া হয়।
গতকাল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , কমিটির আগের প্রধান মো. শাহজাহান আলী পদোন্নতি পেয়ে সরকারি কর্মকমিশনের সচিব হওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে। নতুন প্রধান নতুন করে কিছু করবেন না, তিনি শুধু আগের কমিটির কাজ পর্যালোচনা করে প্রতিবেদন চূড়ান্ত করবেন।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। এরপর ৩০ এপ্রিল ছয় জনের এবং ১ মে আরেকজনের লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যায়। এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে ৭ মে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই উপসচিব মো. আবদুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মো. মহিউদ্দিন, আইন মন্ত্রণালয়ের দুই উপসচিব মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই উপসচিব শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার। আগের চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।