বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ জানুয়ারি ধার্য করেছে আদালত।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ হাজির হওয়ার পর খালেদা জিয়া সময় আবেদন করেন। ওই আবেদন মঞ্জুর করে বিচারক আবু আহমেদ জমাদ্দার আগামী ৭ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।
এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে হাজিরা দিতে আদালতে পৌঁছান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন-দুদক।
পরে ২০১২ সালের ১৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর মামলাটি করে দুদক।
২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়া, বড় ছেলে তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় প্রতিষ্ঠানটি।