বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহীর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক জয়ন্তী রানী দাস তারেকের বিরুদ্ধে মানহানি মামলা আমলে নিয়ে তিনি এ আদেশ দেন।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা লন্ডনে থাকা তারেক রহমান জাতির জনক শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় এ মানহানি মামলা করেন।
আদালত আগামী ১২ ফেব্রুয়ারি তারেক রহমানকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেন বলে সমকালকে জানিয়েছেন এ মামলার বাদী মিজানুর রহমান।
এদিকে, নড়াইলে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আরিফুল ইসলামের আদালত -২ এ একই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গত ১৫ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার বলে অভিহিত করে। এ সময় তিনি আরো বলেন ওইসময় বঙ্গবন্ধু পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে সমঝোতা করেছিলেন। এঘটনায়র পর দেশের বিভিন্ন জায়গায় তার নামে মামলা দায়ের করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ বিষয়ে আদালত তার বিরুদ্ধে সমন জারিও করেছে।