সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশীটভুক্ত অন্যতম আসামি জিকে গউছ হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করেছেন। তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
রোববার হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন জিকে গউছ। এ সময় আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে জিকে গউছকে কারাগারে প্রেরণ করে।
এদিকে, জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। তারা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পুলিশ বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে।
এ সময় সদর থানা পুলিশের ওসি নাজিমুদ্দিনসহ ২০ জন আহত হন। এ ঘটনায় জড়িত থাকায় ১০ জনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যের বাজারে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে হত্যা করা হয়। আসামি জিকে গউছ কিবরিয়া হত্যা মামলার ৪র্থ চার্জশীটভূক্ত আসামি ।