রাজধানীর বকশিবাজারে সংঘর্ষের ঘটনায় সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ফের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার মহানগর হাকিম আদালত আবার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিল হোসেন শুক্রবার বিকেলে তাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম তসরুজ্জামান তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
অন্যদিকে গয়েশ্বরের পক্ষে এর বিরোধিতা করে জামিনের আবেদন জানান তার আইনজীবীরা।
ভোরে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ওই ঢাকা মহানগর গোয়েন্দা পলিশের (দক্ষিণ) উপকমিশনার কৃঞ্চপদ রায় সাংবাদিকদের বলেন, গত বুধবার বকশীবাজারে সংঘর্ষ এবং সংসদ সদস্য ছবি বিশ্বাসের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরো ৩ জনকে আটক করেছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালালেও রায়েরবাজারের বাসায় গয়েশ্বরকে পাননি পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিএনপির আন্দোলন নস্যাতের পরিকল্পনা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গয়েশ্বর চন্দ্রকে গ্রেপ্তার, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বাসায় তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।