বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার ঢাকার সিএমএম আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন। রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।
পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির এ নেতার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ।
এর আগে দুপুরে আলমগীরকে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সিএমএম আদালতে নেয়া হয়।
গত ৫ জানুয়ারি ঘিরে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। গত রোববার রাজধানীসহ সারাদেশে নাশকতা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পল্টন থানায় তার বিরুদ্ধে নাশকতা ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তারর দেখানো হয়েছে।
গ্রেপ্তারের আগে গতকাল (মঙ্গলবার) বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, গত রোববার জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমর্থিত পেশাজীবী পরিষদের অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। ওই অনুষ্ঠানে সরকারের সমালোচনা করেন তিনি।
জানা যায়, ওই সময় বেশ কয়েকটি অনুষ্ঠান চলছিল। পরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ পরিস্থিতিতে মির্জা ফখরুল গ্রেপ্তার এড়াতে প্রেসক্লাবে অবস্থান নেন।