আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশের একবিংশতম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার এ বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে –জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল শাহীন।
আগামী ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি বঙ্গভবনে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করানোর কথা রয়েছে।
পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নতুন প্রধান বিচারপতি আগামী ১৭ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন।
আপিল বিভাগে যুদ্ধাপরাধ মামলা, বঙ্গবন্ধু হত্যা মামলা, ত্রয়োদশ সংশোধনীসহ বিভিন্ন আলোচিত মামলার বিচারক ছিলেন এস কে সিনহা। নতুন দায়িত্বে তিনি বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এদিকে ১৬ জানুয়ারি অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। ১৫ জানুয়ারি তার শেষ কার্যদিবস। তিনি ২০১১ সালে ১৮ মে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
২০১৮ সালের ৩১ জানুয়ারি বিচারপতি এস কে সিনহা অবসরে যাবেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা।
বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আত্মনিয়োগ করেন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি এস কে সিনহা বর্তমানে জুডিসিয়াল সার্ভিস কমিশনেরও চেয়ারম্যান।