গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আলী মাসুদ শেখের আদালত রিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ জানুয়ারি রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় রিমান্ড ও জামিন শুনানির জন্য মঙ্গলবার সকালে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। মির্জা ফখরুলের পক্ষ থেকে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসময় ন্যায়বিচার পাননি দাবি করে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান মির্জা ফখরুল ইসলামের আইনজীবীরা।
এর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মির্জা ফখরুলকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে পরদিন বিকেলে আদালতে হাজির করা হলে মূখ্য মহানগর হাকিম রিমান্ড ও জামিনের শুনানির তারিখ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।