বাড্ডা থানায় দায়ের করা গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর কবির রাজের আদালত।
এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় রিজভীকে হুকুমের আসামি করে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মোশাররফ হোসেন। পরে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ জানুয়ারি রাত সোয়া ৯টার দিকে বাড্ডা থানাধীন প্রাণ আরএফএলের কার্যালয়ের সামনের রাস্তায় গাজীপুর থেকে যাত্রাবাড়ীগামী একটি বাস থামায় অবরোধকারীরা। তারা বাসটিতে ভাঙচুর এবং পেছনের সিটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে যাত্রী ও চালক-হেলপারকে হত্যার চেষ্টা চালায়।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি দিবাগত রাতে বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেপ্তার করে (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র্যাব-১। ৩১ জানুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করে র্যাব।
সেখান থেকে বিকেলে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। শনিবার ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় রুহুল কবির রিজভী আহমেদকে।