বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে রুল শুনানির দিন ৯ ফেব্রুয়ারি ধার্য করেছে হাইকোর্ট।
বুধবার সকালে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
২০০৭ সালে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী তেজগাঁও থানায় খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন।
মামলায় চট্টগ্রাম ও কমলাপুরে কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য মেসার্স গ্লোবাল এগ্রোটেড লিমিটেডকে ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে ১৪ কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়। ২০০৮ সালে অভিযোগপত্র দাখিল করা হয়।
এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া।
এর পরিপ্রেক্ষিতে মামলাটি কেন বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না - তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।