কলকাতা-ঢাকা রুটে চলা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোলবোমা হামলার ঘটনায় ঈশ্বরদী জিআরপির পক্ষ থেকে রোববার রাতে মামলা দায়ের করা হয়েছে।
ঈশ্বরদী জিআরপি‘র ওসি হুমায়ুন কবীর বলেন, ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৭ জনকে আসামি করে রোববার রাতে এ মামলা করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বলেন, মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোলবোমা হামলার ঘটনার পরে গতকাল বিকেল থেকেই যৌথ বাহিনী অভিযান চালিয়ে মোট ২১ জনকে গ্রেপ্তার করে। এর বাইরে নাশকতা, বিশৃংখলা সৃষ্টি এবং অন্যান্য মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৮১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বোমা হামলার ঘটনার তদন্তের জন্য রেলওয়ে পাকশী বিভাগের ডিটিও শফিকুল ইসলামকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল দুপুরে কোলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন ত্যাগ করে লোকোশেড এলাকায় দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনে পেট্রোলবোমা নিক্ষেপ করে।