টানা অবরোধ আর দফায় দফায় হরতালের কারণে আদালতে আসছেন না যশোরের আইনজীবীরা। এতে ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন মামলার বাদি-বিবাদিসহ সাক্ষীরা। দূর-দূরান্ত থেকে এসে মামলার কাজ সম্পূর্ণ না করেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। এতে বেড়ে যাচ্ছে মামলার জট।
বর্তমানে যশোরের বিভিন্ন আদালতে প্রায় ১৭ হাজারেরও বেশি মামলা অপেক্ষমান রয়েছে। স্থবির হয়ে পড়ছে বিচারকাজ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ১৯৮৬ সালে হরতাল চলাকালে আদালত প্রাঙ্গন ও আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে বোমা হামলার ঘটনার পর থেকেই এধরনের কর্মসূচিতে আদালতে আসা বন্ধ করে দেন যশোরের আইনজীবীরা। এসব দিনে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নেন তারা। সেই ধারা এখনো চলছে।
এছাড়া আদালত না বসায় ছোট-খাটো অভিযোগে আটক ব্যাক্তিরাও আইনি সহযোগিতা পাচ্ছেন না। জেল-হাজতে থাকতে হচ্ছে তাদের। মামলার হাজিরা দিতে গিয়ে প্রতিদিনই আদালত থেকে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে বাদী-বিবাদী-সাক্ষীদের।
যশোর জজকোর্ট পিপি আব্দুল কাদের বলেন, হরতাল-অবরোধের মধ্যেও আইনজীবীদের আদালতে এসে মামলা পরিচালনা করা উচিত।
এদিকে, হতাশ হয়ে পড়েছেন আদালতকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসার ব্যবসায়ীরাও।