বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
তার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেছে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দিয়েছে।
গত ১০ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ পর্নোগ্রাফি আইনে করা একটি মামলায় ইটিভি চেয়ারম্যানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতির আদালত বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়। এর ধারাবাহিকতায় এর ওপর শুনানি হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
ইটিভি চেয়ারম্যানের পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক ও শেখ শফিক মাহমুদ।
পরে শেখ শফিক মাহমুদ বলেন, পর্নোগ্রাফির মামলায় ইটিভি চেয়ারম্যানের জামিন বহাল রেখেছে আদালত।