লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় অভিযুক্ত শাফিউর রহমান ফারাবীকে তথ্য-প্রযুক্তি আইনে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
তথ্য-প্রযুক্তি আইন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই ওহিদুজ্জামান দুপুরে ফারাবীকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এ সময় এজলাসে ফারাবীর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না এবং তার জামিন চেয়েও কোনো আবেদন হয়নি।
এর আগে সকালে ফেইসবুকে উগ্রপন্থি বক্তব্য-বিবৃতি প্রচার ও লেখক-সাংবাদিকদের হত্যার হুমকি দেয়ার অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় রমনা থানায় ফারাবীর বিরুদ্ধে এ মামলা হয়।
জানা গেছে, অভিজিৎ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান এ মামলা করেন।
গত ৩ মার্চ অভিজিৎ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফারাবীকে ১০ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে টিএসসির উত্তর পাশে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও সাম্প্রদায়িকতাবিরোধী লেখক অভিজিৎ রায়কে।
এতে ফেইসবুকে অভিজিৎকে হত্যার হুমকি দিয়ে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফারাবী। অভিজিৎ নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগের ওয়েব সাইটগুলোতে তার নাম নতুন করে আলোচনায় আসে।