চট্টগ্রাম পলিকেটনিকেল ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক জিএস ও ছাত্রদল নেতা জমির উদ্দিন হত্যা মামলা থেকে শিবির ক্যাডার নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরসহ ১৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
হত্যার ২০ বছর পর এ মামলার রায় ঘোষণা করল আদালত।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ'র ট্রাইব্যুনাল এ রায় দেন।
খালাস পাওয়া অন্য আসামিরা হলেন- শিবির কর্মী দেলোয়ার হোসেন, কাজী ওসমান গণি, ইব্রাহিম, হারুন অর রশিদ, সাহাবউদ্দিন, শওকত হোসেন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, মোকসেদ আলম, আবদুল মান্নান, আহসানুল আজাদ ও আবদুল কুদ্দুস।
রায় ঘোষণার সময় নাছিরসহ দেলোয়ার হোসেন, ওসমান গণি, ইব্রাহিম, হারুনুর রশিদ টিপু ও কুদ্দুছ ট্রাইব্যুনালে হাজির ছিলেন। বাকিরা পলাতক।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আইয়ুব খান বলেন, '২০ বছর আগের মামলার সাক্ষ্যগ্রহণের সময় কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী পাওয়া যায়নি। অনেকে আসামিরা তাকে খুন করেছেন বলে শুনেছেন, গুলির আওয়াজ শুনেছেন। তাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সবাইকে খালাস দিয়েছে ট্রাইব্যুনাল।'
তিনি আরো জানান, নাছিরের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি এখন কারাগার থেকে মুক্তি পাবেন না।
প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২০ নভেম্বর সকালে ক্লাস চলাকালে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের নিয়ন্ত্রণ নিতে শিবির মরিয়া হয়ে উঠলে ছাত্রদলের সাথে সংর্ঘষ হয়। সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে জমির উদ্দিন ও ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর ফরিদকে। এ ঘটনায় দু’টি পৃথক মামলা দায়ের হয়। নিহত জমিরের ভাই পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছিলেন।