নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা আবুল বাশার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার জেলা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রুপমের আদালতে এ জবানবন্দি দিয়েছে তিনি।
গত ২৭ মার্চ শুক্রবার রূপগঞ্জ থেকে মামলায় অভিযুক্ত প্রধান আসামি নূর হোসেনের সহযোগী আওয়ামী লীগ নেতা আবুল বাশারকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। একই দিনে তাকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ।
শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডের ৬ষ্ঠ দিনে দুপুরে আবুল বাশার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
সাত খুনের মামলায় এ পর্যন্ত মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে র্যা বের সাবেক ৩ কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাসহ ১৭ জন র্যা ব সদস্য। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৭ জন র্যা ব সদস্যসহ ২১ জন হত্যাকাণ্ডে জড়িত স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আর ১২ জন র্যা ব সদস্যসহ মোট ১৭ জন আদালতে স্বাক্ষী হিসেবে জবানবন্দি প্রদান করেছে।
গতবছর ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ জন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয় জনের ও পরদিন ১মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।