জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রোববার আদালতে যেতে পারেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। শনিবার দেশ টেলিভিশনকে টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন।
সানাউল্লাহ মিয়া বলেন, ম্যাডাম আইন মান্যকারী নাগরিক। তিনি আদালতে যেতে চান, আদালতে যাবেন। তবে এটা নির্ভর করছে বর্তমান পরিস্থিতি বিশেষ করে ম্যাডামের নিরাপত্তার বিষয়টির ওপর।
আর গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে অবস্থানকারী দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, উনার আদালতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা নির্ভর করছে পরিস্থিতির ওপর।
এদিকে, শুক্রবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুবও বলেন, খালেদা জিয়া আদালতে যেতে ‘ইচ্ছুক’। তবে সেজন্য আগের মতোই ‘পর্যাপ্ত নিরাপত্তার’ ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন রয়েছে। বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজের অস্থায়ী এজলাসে এ দুটি মামলার বিচার চলছে। লাগাতার অবরোধ ডেকে টানা কয়েকটি ধার্য দিনে আদালতে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
সর্বশেষ গত ৪ মার্চ খালেদার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন নাকচ করে শুনানির এই দিন ঠিক করে দেন বিচারক আবু আহমেদ জমাদার।