বরগুনা জেলার তালতলী উপজেলার চন্দনতলা গ্রামে ১৪ হিন্দু পরিবারকে উচ্ছেদের ঘটনায় মঙ্গলবার কারণ দর্শাতে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
রুলের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে পুলিশের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবেনা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবেনা এ মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে। সেই সঙ্গে তালতলী উপজেলার চন্দনতলা গ্রামে একটি পুলিশ ফাড়ি স্থাপনের নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়া, ওই পরিবারগুলোর ওপর হামলা ও উচ্ছেদের ঘটনায় বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিচার বিভাগীয় তদন্ত করে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিবেদনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি কি তার উল্লেখ করতে বলা হয়েছে।