বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পল্টন থানায় করা গাড়ি পোড়ানোর মামলায় তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে গাড়ি পোড়ানোর আরো ৩টি মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।
মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
শুনানি শেষে পল্টন থানার করা একটি মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন আদালত। আর একই থানায় করা আরো দুটি ও মতিঝিল থানার একটি মামলায় রুল জারি করেন।
ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।