অবরোধ-হরতালে গাড়ি ভাঙচুর ও পোড়ানোর মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম মোসা. রেহেনা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টাকে দুদফায় তিন দিন রিমান্ডে নেয়া হয়।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত বছর ৫ নভেম্বর গাজীপুর নগরীর মালেকের বাড়ি এলাকায় একটি প্রাইভেটকার ও একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় এম এ মান্নানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত: মেয়র মান্নানের আইনজীবী মো. সহিদজ্জামান জানান, এর আগে মেয়র মান্নানকে নলজানি এলাকায় বাসে পেট্রোল বোমায় অগ্নিসংযোগের মামলায় গত ১২ ফেব্রুয়ারি ২ দিনের এবং কালিয়াকৈর থানায় বাসে অগ্নিসংযোগ ও বাসের হেলপার নিহতের মামলায় গত ৬ এপ্রিল এক দিনের রিমান্ডে নেয়া হয়।
আগামী ১২ মে এ অভিযোগপত্রের ব্যাপারে আদালত শুনানির দিন ধার্য করেছে আদালত।
গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নান ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার অবর্তমানে গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: