জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে অব্যাহতি দিয়ে আদালতে পুলিশের দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি বলে জানিয়েছেন আইনজীবী তুহিন হাওলাদার।
রোববার সকালে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইলের এজলাসে নারাজি দেন।
এদিকে, আংশিক শুনানি শেষে বিচারক শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন ২০ মে এবং এ সময় পর্যন্ত ১০ হাজার টাকার বন্ডে রুবেলের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন মঞ্জুর করেন। এ সময় রুবেল ও হ্যাপি আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে তুহিন হাওলাদার বলেছেন, মামলার তদন্ত সঠিকভাবে না হওয়ায় হ্যাপি এ নারাজি দাখিল করবেন। মামলার তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করেন, মামলার বাদী সাক্ষ্য-প্রমাণ হাজির করতে পারেননি। আইনের বিধান থাকা সত্ত্বেও মূলত তিনি সাক্ষি হাজির বাদীকে কোনো নোটিসই দেননি।
নারাজি আবেদনে ৮ জন সাক্ষীর একটি তালিকাও দেয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।
গত ৬ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক (ভিক্টিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক হালিমা খাতুন।
বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন হ্যাপি। এ মামলায় চারদিন কারাগারেও ছিলেন রুবেল। পরে জামিনে মুক্ত হয়ে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়ে অসাধারণ নৈপূণ্য প্রদর্শন করেন রুবেল।