মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হবিগঞ্জের রাজাকার আব্দুর রাজ্জাককে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে মৌলভীবাজার জেলা সদরের আতানগিরি পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা মৌলভীবাজার জেলা সদরের আতানগিরি পাহাড়ে অভিযান চালিয়ে রাজাকার রাজ্জাককে গ্রেপ্তার করে। দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সামনে তাকে হাজির করা হবে বলেও জানান তিনি।
রোববার (১৭ মে) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই দিনই তিন আসামির বিরুদ্ধে ৪টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও তাপস কান্তি বল। ২৫ মে তা আমলে নেয়ার বিষয়ে শুনানি ও আদেশের দিন ধার্য করেছেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
গত ৩০ এপ্রিল একই মামলার আসামি বড় মিয়া-আঙ্গুর মিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। সে সময় এ মামলার তদন্তকালে আব্দুর রাজ্জাকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলেন প্রসিকিউশন।
আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাাতন, অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগে।