মানবতাবিরোধী অপরাধে চাঁপাইনবাবগঞ্জে রাজাকার মাহিদুর রহমান ও আফসার হোসেনের বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল-বুধবার ঘোষণা করা হবে।
মঙ্গলবার সকালে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ঠিক করেছে।
এদিকে, আফসার ও মাহিদুর রাজাকারের বিরুদ্ধে সকল অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হয়েছে জানিয়ে তাদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রাষ্ট্রপক্ষের আইনজীবী সাহিদুর রহমান।
তবে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে দাবি করে এ দুইজনের খালাস চেয়েছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার।
মাহিদুর ও আফসারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগ আনা হয়েছে।
একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তার জন্য রাজাকার বাহিনীতে যোগ দেয় চাঁপাইনবাবগঞ্জের আফসার হোসেন ও মাহিদুর রহমান। ওই সময় শিবগঞ্জ উপজেলায় রাজাকার ক্যাম্প স্থাপন করে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্মান্তরিতকরাসহ মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগ আনা হয়েছে এ দুই রাজাকারের বিরুদ্ধে।
গত বছরের ২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
গত ২২ এপ্রিল মাহিদুর ও আফসারের মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল-২।
এ দুই রাজাকারের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ হলো-
১৯৭১ সালের ৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের শিবপুর থানার বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে ৩৯ জনকে আটকের পর ২৪ জনকে হত্যা।
১৩ অক্টোবর চাপাইনবাবগঞ্জের এরাদত বিশ্বাসের টোলা এবং কবিরাজ টোলা গ্রামের ৭০টি বাড়িতে লুণ্ঠন ও অগ্নিসংযোগ।
২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবপুর থানায় অপারেশন চালিয়ে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে চার জনকে হত্যা।