চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। বুধবার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।
এ সময় হ্যাপী ও রুবেল দুজনই আদালতে উপস্থিত ছিলেন।
গত ১৭ মে হ্যাপী ট্রাইব্যুনালে রুবেলকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করেছিলেন।
ওই আবেদনে বলা হয়েছিল, সাক্ষীদের সঙ্গে কথা না বলেই প্রতিবেদন তৈরি করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। মনগড়া তদন্তের মাধ্যমে আসামিকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে রাজধানীর মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন হ্যাপী। এ মামলায় ৪ দিন কারাগারেও ছিলেন রুবেল। পরে জামিনে মুক্ত হয়ে বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়ে অসাধারণ নৈপূণ্য প্রদর্শন করেন এ পেস তারকা।