সম্পদের হিসাব দাখিল না করায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের মামলা। বুধবার দুপুরে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম রাজধানীর রমনা থানায় এ মামলা করেন।
গত সোমবার রানার বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলার অনুমোদন দেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
গত ২ এপ্রিল কাশিমপুর কারাগারে আটক সোহেল রানার কাছে কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পদ বিবরণীর নোটিশ পাঠায় দুদক। আইন অনুযায়ী, নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে আইনজীবীর মাধ্যমে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দুদকে জমা দিতে হয়। অবশ্য এ সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ হলে আরও সাত কার্যদিবস সময় বাড়িয়ে নেয়ার সুযোগ আইনে রয়েছে।
দুদক সূত্র থেকে জানা যায়, নোটিশ পাওয়ার নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দিয়ে স্ত্রীর মাধ্যমে সময় বাড়ানোর আবেদন করেন সোহেল রানা। আইন অনুসারে তার এ আবেদন গ্রহণযোগ্য নয় বলে দুদকের আইন শাখা মতামত দিয়েছে। আইন শাখা থেকে রানার বিরুদ্ধে নন-সাবমিশন মামলা দায়েরের সুপারিশ করা হয়।
নির্মাণ ত্রুটির কারণে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় ভয়াবহ ধসের ঘটনা ঘটে। ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে থেকে গ্রেপ্তার করে র্যা ব। এরপর থেকে তিনি কারাগারে আছেন।