বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দিয়েছেন।
মহানগর হাকিমের ওই আদেশের বিরুদ্ধে আজ মহানগর দায়রা জজ আদালতে ফখরুলের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করেন।
এই বিএনপি নেতার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে ৮০টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
এ তিন মামলায় গত ২০ মে মির্জা ফখরুলকে ১০ দিন করে মোট ৩০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ।
এদিকে, ফখরুলের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় আবেদন নামঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম অশোক কুমার দত্ত। তবে তদন্তকারী কর্মকর্তাকে তিন দিনের মধ্যে কারাফটকে ফখরুলকে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত।
গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে আটক করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।