বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনে নাশকতার দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।
যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে: জাতীয় নিবার্হী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়েদা আশিয়া আশরাফী পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারি অ্যাডভোকেট সামছুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সেক্রেটারি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিবুর নবী খান সোহেল, জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াছিন আলী, জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. শেখ শিবলী নোমানীসহ ২৮ জন।
এ মামলার চার্জশিটভুক্ত ৪২ আসামির মধ্যে ২৮ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। বাকি আসামিরা জেল হাজতে রয়েছেন।
চলতি বছরের ২৮ জানুয়ারি ২০-দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে যাত্রীদের হত্যার উদ্দেশে ককটেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। পরে পুলিশ তদন্ত করে গত ২৪ মার্চ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। এর মধ্যে বর্তমানে কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী এবং রিজভীসহ ১৪ জন।