একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলার আপিলের রায় আগামীকাল। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
মুক্তিযুদ্ধের শুরুতে ইসলামী ছাত্র সংঘের নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ আল বদর বাহিনীর দ্বিতীয় অবস্থানে থাকলেও অক্টোবরের দিকে প্রধানের দায়িত্ব পান। বিজয়ের ঠিক আগ মুহূর্তে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে সরাসরি জড়িত ছিলেন জামাতের বর্তমান সেক্রেটারি জেনারেল মুজাহিদ।
মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে সরাসরি জড়িত থাকাসহ বিভিন্ন সময় মুক্তিযোদ্ধা নির্যাতন ক্যাম্প পরিদর্শন, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, নারী ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ আনা হয় মুজাহিদের বিরুদ্ধে। ৭টি অভিযোগের পাঁচটিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০১৩ সালে ১৭ জুলাই তিনটিতে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বাকি ২টিতে পাঁচ বছর ও যাবজ্জীবন এবং অন্য দুটি অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয় তাকে।
২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে অঘাত দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় মুজাহিদকে। এরপর ওই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তের পর তার বিরুদ্ধে ৬ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৭টি অভিযোগ সুনির্দিষ্ট করা হয়।
২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এতে গত ২৯ এপ্রিল মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের নথিপত্র পাঠের মধ্যে দিয়ে আপিলের শুনানি শুরু হয়।
৯ কার্যদিবস শুনানি শেষে গত ২৭ মে আপিলের রায় আগামী ১৬ জুন মঙ্গলবার দেওয়ার দিন ধার্য করেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ।