একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় বাংলাদেশের সকলেই খুশি— বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার এ রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আসামি মুজাহিদের আপিল আংশিক মঞ্জুর হলেও তাকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড চূড়ান্ত রায়েও বহাল রাখা হয়।
মাহবুবে আলম বলেন, মুজাহিদের ফাঁসির রায় এসেছে বুদ্ধিজীবী হত্যার দায়ে আর এই রায়ে বাংলাদেশের সবাই খুশি হবে। বাংলাদেশকে মেধাশূন্য করতে মুক্তিযুদ্ধের সময় আলবদররা যে বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে যে ক্ষতি করেছে, তা এক শতাব্দীতেও পূরণ হওয়ার নয়।
আপিল বিভাগ সঠিক রায় দিয়েছেন— উল্লেখ করে তিনি বলেন, ‘এই রায়ে বাংলাদেশের সকল মানুষ আজ আনন্দিত।’
আপিল বিভাগের রায়ে প্রথম অভিযোগে আসামির আপিল মঞ্জুর করে তাকে খালাস দেয়া হয়েছে। ৭ম অভিযোগে তার সাজা কমিয়ে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। আর ৬ষ্ঠ অভিযোগে বুদ্ধিজীবী হত্যার দায়ে ট্রাইব্যুনালের রায় বহাল রেখে মুজাহিদের ফাঁসির আদেশ দিয়েছে আপিল বিভাগ।
আপিল আদালত ঐক্যমত্যের ভিত্তিতে এই রায় দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
২০১০ সালে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরুর পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের মধ্যে মুজাহিদ হলেন ৪র্থ ব্যক্তি, আপিল বিভাগে যার মামলার নিষ্পত্তি করা হয়েছে।