নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের বিষয়ে বৃহস্পতিবার আদেশ দেবে হাইকোর্ট।
বুধবার বিচারপতি মোহাম্মদ নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এ রায়ের দিন ধার্য করেন।
গত ২৮ মে এ বেঞ্চে খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষ হয়। পরে রায় ঘোষণা অপেক্ষমাণ রাখে আদালত।
খালেদা জিয়ার বিরুদ্ধে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে তারা।
পরে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে খালেদা জিয়া। ২০০৮ সালের ১৫ জুলাই মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে হাইকোর্ট।
প্রায় ৭ বছর পর চলতি বছরের শুরুতে ওই রুল নিষ্পত্তির মাধ্যমে মামলাটি সচল করার উদ্যোগ নেয় দুদক।