সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় গ্রেপ্তার ফটো সাংবাদিক ইদ্রিস আলীর জামিন নাকচ করেছে আদালত।
বুধবার সিলেটের মহানগর হাকিম আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন তা নামঞ্জুর করেন।
ইদ্রিসের আইনজীবী আব্দুল গাফফার জামিন আবেদন করলে আদালত আগামী ২৩ জুন মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে।
ঘটনার দিনই নিহতের বড়ভাই অজ্ঞাতনামা চার জনকে আসামি করে বিমানবন্দর থানায় মামলা করেন।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) নুরুল আলম প্রথমে মামলাটি তদন্তের দায়িত্ব পেলেও হত্যাকারীদের কেউ গ্রেপ্তার বা শনাক্ত না হওয়ায় ১৪ দিনের মাথায় তদন্তের দায়িত্ব পায় সিআইডি।
এরপর গত ৭ জুন রাতে দৈনিক সংবাদ ও সবুজ সিলেটের ফটো সাংবাদিক ইদ্রিস আলীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয় সিআইডি।
ঢাকায় সিআইডি সদরদপ্তরে রেখে জিজ্ঞাসাবাদের পর ইদ্রিসকে গত সোমবার সিলেটের আদালতে হাজিরের পর বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
উল্লেখ, গত ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে মুক্তমনার ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্তকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।