বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেপ্তার ফটোসাংবাদিক ইদ্রিস আলীর জামিন আবারও নামঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে ইদ্রিসের আইনজীবী আব্দুল গাফফার জামিন আবেদন করলে সিলেটের মহানগর হাকিম ২য় আদালতের বিচারক ফারহানা ইয়াসমিন তা নামঞ্জুর করেন।
ইদ্রিসের আইনজীবী বলেন, আদালত আগামী ২০ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন রেখেছে।
গত ১২ মে সিলেটের সুবিদবাজার এলাকার বাসা থেকে কর্মস্থল যাওয়ার পধে মুক্তমনার ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক অনন্তকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার দিনই নিহতের বড়ভাই রত্নেশ্বর দাশ অজ্ঞাতনামা চার জনকে আসামি করে বিমানবন্দরে থানায় মামলা করেন।
‘যুক্তি' পত্রিকার সম্পাদক ছাড়াও, অনন্ত বিজ্ঞান মনষ্ক ও যুক্তিবাদী কাউন্সিলের সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সময় বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লিখতেন। তার লিখিত বিজ্ঞানভিত্তিক একাধিক বই প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত বইয়ের মধ্যে, 'সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব: লিসেঙ্কো অধ্যায়', জীববিবর্তন সাধারণ পাঠ, 'ডারউইন: একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা' অন্যতম।
গত ফেব্রুয়ারিতে দুর্বৃত্তদের হামলায় নিহত বিজ্ঞান লেখক অভিজিতের একটি বইয়ের ভূমিকাও লেখেন তিনি। অনন্ত পূবালী ব্যাংকের জাউয়া বাজার শাখায় চাকরি করতেন।
এর আগে, ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে ফেরার পথে জঙ্গিদের হামলায় নিহত হন বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগারের প্রতিষ্ঠাতা ডা. অভিজিৎ রায়। সে ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।