দুর্নীতির দুই মামলায় সাক্ষীর সাক্ষ্য বাতিল চেয়ে হাইকোর্টে করা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের আদেশ দেয়া সোমবার দিন ঠিক করেছে হাইকোর্ট।
বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।
গত ১৫ জুন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হারুনুর রশীদের সাক্ষ্য বাতিল চেয়ে পুনরায় সাক্ষ্য নিতে হাইকোর্টের রিভিশনাল আবেদন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা।
একইসঙ্গে আদালতের কাছে রুল চেয়ে তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করেন তারা।
খালেদার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ ‘ফৌজদারি রিভিশন’ দায়ের করেন।
এর আগে, ২৫ মে মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপপরিচালক হারুনুর রশিদ সাক্ষ্য বাতিল চেয়ে আবেদন করলে রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা খারিজ করে দিয়ে পরবর্তী সাক্ষ্যের জন্য ১৮ জুন দিন ধার্য করেন।
উল্লেখ্য, জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন রয়েছে। বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজের অস্থায়ী এজলাসে এ দুটি মামলার বিচার চলছে। লাগাতার অবরোধ ডেকে টানা কয়েকটি ধার্য দিনে আদালতে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।