নাশকতার তিন মামলায় পুলিশ প্রতিবেদন না দেযা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
মির্জা ফখরুলের আইনজীবী একেএম এহসানুর রহমান বলেন, গাড়ি পোড়ানো ও ভাঙচুরের তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্ট অভিযোগপত্র দেয়ার আগ পর্যন্ত জামিন দিয়ে ছিলেন। তবে আপিল বিভাগ অভিযোগপত্র দেয়ার আগ পর্যন্ত জামিনের আদেশ বহাল রেখেছেন। অভিযোগপত্র দেয়ার পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
গত ১৮ জুন পল্টন থানার দুইটি ও মতিঝিল থানার একটি মামলায় মির্জা ফখরুলকে জামিন দেন হাইকোর্ট। বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত এ জামিন দেয়া হয়। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
৬ জানুয়ারি থেকে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন মির্জা ফখরুল। পরে হাইকোর্টের নির্দেশে ১৩ জুন তাকে ওই কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি। ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ নিয়ে রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকাসহ নানা জায়গায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে।
এ সময় পল্টন ও মতিঝিল থানায় মির্জা ফখরুলসহ বিএনপি-জামাতের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।